রজতজয়ন্তীতে ‘ফ্যামিলিওয়ালা’
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলা ছবির দর্শকদের মনের কথা বুঝে সিনেমা বানানোর জন্য উইন্ডোজ প্রযোজনা সংস্থার জুড়ি মেলা ভার। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বারবার বড়পর্দায় এসেছে সমাজ সচেতনতা, পারিবারিক সম্পর্ক আর মানুষের মনের টানাপোড়েনের গল্প। কখনও আবেগ, কখনও হাসি সব মিলিয়ে তাঁদের ছবি মানেই দর্শকের প্রত্যাশা অনেকটা বেশি।
চলতি বছরে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ২৫তম বর্ষপূর্তি। এই বিশেষ বছরে একাধিক নতুন ছবির ঘোষণা আগেই হয়েছিল। সেই তালিকার অন্যতম ছবি হল ‘ফ্যামিলিওয়ালা’। এই ছবির হাত ধরেই প্রথমবার উইন্ডোজ-এর ব্যানারে পরিচালক হিসেবে কাজ করছেন সুমন ঘোষ।
এই ছবিতে আরও একটি বড় চমক রয়েছে। প্রযোজক হিসেবে পরিচিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবার এই ছবিতে অভিনয় করছেন। এর আগেও ‘কণ্ঠ’ ও ‘বহুরূপী’-র মতো ছবিতে অভিনেতা হিসেবে প্রশংসা পেয়েছেন তিনি। ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে শিবপ্রসাদের বিপরীতে দেখা যাবে দু’জন নায়িকাকে। উইন্ডোজ-এর ছবিতে এই প্রথম অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী। তাঁদের দু’জনকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে।
ছবির গল্প পুরোপুরি পারিবারিক ড্রামা, তার সঙ্গে থাকবে হালকা কৌতুকের ছোঁয়া। উইন্ডোজ বরাবরই পরিবারকে কেন্দ্র করে গল্প বলতে ভালোবাসে, আর ‘ফ্যামিলিওয়ালা’-তেও সেই ধারা বজায় থাকছে।
পরিচালক সুমন ঘোষ জানিয়েছেন, উইন্ডোজের সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত। তাঁর কথায়, “‘ফ্যামিলিওয়ালা’ একটি হালকা মেজাজের পারিবারিক ছবি। শিবপ্রসাদের অভিনয় ক্ষমতাকে এই চরিত্রের মাধ্যমে নতুনভাবে তুলে ধরতে চেয়েছি। আশা করি, উইন্ডোজ-এর ২৫ বছরের যাত্রায় এই ছবি নতুন একটি মাইলফলক হয়ে উঠবে।”
সব মিলিয়ে উইন্ডোজ-এর রজতজয়ন্তী বছরে দর্শকদের জন্য আরও এক আবেগঘন পারিবারিক গল্প নিয়ে আসছে ‘ফ্যামিলিওয়ালা’।
