আজকের দিনেখেলা

মে মাসে কলকাতা ডার্বি, আইএসএলের খসড়া সূচি প্রকাশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সব কিছু ঠিক থাকলে এই মরশুমের আইএসএল ডার্বি ম্যাচ হবে ৩ মে। আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ১৪ ফেব্রুয়ারি ধরে ক্লাবগুলি যে প্রাথমিক ক্রীড়াসূচি বানিয়েছে, সেখানে কলকাতার ডার্বির জন্য ৩ মে তারিখ ঠিক করা হয়েছে। ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ডার্বির দিন ঠিক হলেও মিনি ডার্বি ম্যাচগুলির দিন এখনও ঠিক হয়নি। ইস্টবেঙ্গল-মহামেডান এবং মোহনবাগান-মহামেডান ম্যাচের তারিখ ঘোষণা করা হয়নি। কারণ, মহামেডান ক্লাব এখনও জানাতে পারেনি তাদের হোম ম্যাচ কোন মাঠে হবে। ক্লাব কর্তারা জানান, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা চলছে। মাঠ ঠিক হলেই আইএসএল কর্তৃপক্ষকে জানানো হবে।

এই মরশুমে আইএসএলের ক্রীড়াসূচি ক্লাবগুলিই তৈরি করছে। চারটি ক্লাবের প্রতিনিধি এই কাজের দায়িত্বে আছেন। শুরুতে ঠিক হয়েছিল, ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে আইএসএল শুরু হবে। উদ্দেশ্য ছিল ডার্বির উত্তেজনা দিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বাড়ানো।
তবে এই সিদ্ধান্তে আপত্তি তোলে দুই প্রধান ক্লাবই। দীর্ঘদিন কোনও ম্যাচ না থাকায় তারা মনে করে, প্রস্তুতি ছাড়া ডার্বি খেললে ম্যাচের মান ঠিক থাকবে না। তাই প্রথমে কয়েকটি ম্যাচ খেলে নেওয়ার পর ডার্বি আয়োজনের কথা বলা হয়।

এর মধ্যেই এপ্রিলে বিধানসভা নির্বাচন হতে পারে। সেই সময় বড় ম্যাচ আয়োজন করলে পুলিশের অনুমতি পাওয়া কঠিন হতে পারে। তাই ঠিক করা হয়, নির্বাচন শেষ হওয়ার পর ৩ মে ডার্বি ম্যাচ হবে। এই প্রস্তাবে আপাতত রাজি হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই ক্লাবই। এই ডার্বি ম্যাচটি হোম বা অ্যাওয়ে ম্যাচ হিসেবে ধরা হবে না।

ডার্বির পাশাপাশি কলকাতায় দু’টি মিনি ডার্বিও হওয়ার কথা। তবে মহামেডান ক্লাব এখনও জানাতে পারেনি তারা কোথায় খেলবে। তারা চায়, কিশোরভারতী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে। কিন্তু প্রয়োজনীয় সরকারি অনুমতি এখনও মেলেনি। ক্লাব কর্তারা আশাবাদী, খুব শিগগিরই এই সমস্যা মিটে যাবে এবং তারপর পুরো ক্রীড়াসূচি প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *