আজকের দিনেভারত

‘মাম্মি, পাপা সরি’, রহস্যমৃত্যু তিন নাবালিকা বোনের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সাদা কাগজে লেখা মাত্র তিনটি শব্দ “মাম্মি, পাপা সরি”। সেই নোটই ঘিরে গভীর রহস্য তৈরি হল গাজিয়াবাদের তিন নাবালিকা বোনের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে। পুলিশ সূত্রে জানা গেছে, বহুতলের দশতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তিন বোন। মৃতদের বয়স যথাক্রমে ১২, ১৪ ও ১৬ বছর।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের দাবি, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। রাত আনুমানিক ২টা ১৫ মিনিট নাগাদ ওই শব্দ শুনেই পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ আধিকারিক এসপি সিং জানান, “আমরা খবর পাই দশতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে তিন নাবালিকা আত্মহত্যা করেছে। প্রথমে হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিন বোনের মৃত্যুর নেপথ্যে থাকতে পারে অতিরিক্ত মোবাইল ও অনলাইন গেমিংয়ের আসক্তি। জানা যাচ্ছে, তাঁরা একটি কোরিয়ান অনলাইন গেমিং অ্যাপে দীর্ঘ সময় কাটাত। দিনরাত মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকত বলেও পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর।
তদন্তকারীরা ইতিমধ্যেই নিহতদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তিন বোনের ব্যবহৃত মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে অনলাইন গেমিং অ্যাপ ও চ্যাট হিস্ট্রিও বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশ স্পষ্ট করেছে, এটি আত্মহত্যা হলেও ঠিক কী কারণে তিন বোন একসঙ্গে এমন চরম সিদ্ধান্ত নিল তা জানতে সব দিক থেকেই তদন্ত চলছে। কোনও সম্ভাবনাকেই এই মুহূর্তে উড়িয়ে দেওয়া হচ্ছে না।

তিন কিশোরীর আকস্মিক মৃত্যুতে প্রশ্নের মুখে আবারও উঠল অনলাইন গেমিং আসক্তি ও শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *