আজকের দিনেবাংলার আয়না

মাফলারেই প্রাণ গেল শ্রমিকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভোরের ঠান্ডা থেকে বাঁচতে গলায় মাফলার জড়িয়েছিলেন। কিন্তু সেই মাফলারই প্রাণ কেড়ে নিল এক শ্রমিকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগড় এলাকার সিদ্দেপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সিরাজুল মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিনও ঘানি কলে সরষে পিষাইয়ের কাজ করছিলেন সিরাজুল। শীতের কারণে গলায় মাফলার জড়ানো ছিল। কাজের সময় ঝুঁকে পড়তেই অসাবধানতাবশত তাঁর মাফলারটি আচমকা ঘানি কলের মেশিনে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই মাফলার-সহ তাঁর গলা মেশিনের ভিতরে ঢুকে পড়ে। এতে গলার বড় অংশ কেটে যায় সিরাজুলের। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক প্রত্যক্ষদর্শী সহকর্মী বলেন, “উনি অনেকদিন ধরে আমাদের সঙ্গে কাজ করতেন। কাজে খুবই দক্ষ ও সচেতন ছিলেন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, এখনও বুঝে উঠতে পারছি না।”
পুলিশ জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা নাকি কোনও নিরাপত্তাজনিত গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *