আজকের দিনেতিলোত্তমা

ভোটার তালিকা নিয়ে কড়া কমিশন, ৭ আধিকারিক সাসপেন্ডের নির্দেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বের শেষবেলায় আবার কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বাংলার সাতজন আধিকারিককে দ্রুত সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশ্যে নবান্নে চিঠি পাঠিয়েছে কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাত আধিকারিকই ভোটার তালিকা সংশোধনের কাজে এইআরও হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে কাজে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। অর্থাৎ ভোটার তালিকা ঠিকভাবে যাচাই-বাছাই না করা, নিয়ম না মেনে কাজ করা বা দায়িত্ব পালন করতে অবহেলা করার মতো গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ।

এর আগেও একই ধরনের অভিযোগে রাজ্যের চারজন আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু বাস্তবে সেই এফআইআর দায়ের হয়নি। ফলে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিশন দিল্লিতে নির্বাচন সদনে তলব করে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। সেখানে তাঁকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসন গড়িমসি করছে। পাশাপাশি ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়।

এই আবহের মধ্যেই রবিবার নতুন করে আরও সাতজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে। নির্দেশিকায় তাঁদের নাম ও কর্মস্থলের উল্লেখ রয়েছে। মুর্শিদাবাদ জেলা থেকে তিনজন সামশেরগঞ্জের শেফাউর রহমান, ফরাক্কার নীতীশ দাস এবং সুতির শেখ মুর্শিদ আলম। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে দুইজন ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিডিও তথা এইআরও দেবাশিষ বিশ্বাসকেও সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীর নামও তালিকায় রয়েছে।

সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে কমিশনের চাপ ক্রমশ বাড়ছে। পরপর আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশে স্পষ্ট, ভোটার তালিকা নিয়ে কোনও অনিয়ম বা গাফিলতি কমিশন বরদাস্ত করতে রাজি নয়। প্রশাসনিক মহলেও এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *