আজকের দিনেবাংলার আয়না

ভিনরাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভিনরাজ্যে ফের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। উস্তি থানা এলাকার যুবক মঞ্জুর আলম লস্করের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, মুক্তিপণ দাবি করে ফোন আসার পরই তাঁকে খুন করা হয়েছে।
মৃতের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে অন্ধ্রপ্রদেশের কোমারুল এলাকায় শ্রমিকের কাজ করতেন তিনি। মাঝেমধ্যেই ছুটিতে বাড়ি আসতেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন মঞ্জুর। প্রায় ২০ দিন আগে ফের কর্মস্থলে ফিরে যান। এরপর মঙ্গলবার পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মঞ্জুরকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, আতঙ্কে মঞ্জুরের স্ত্রী ওই নম্বরে ৬ হাজার টাকা পাঠান। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বুধবার ওই নম্বর থেকেই ফোন করে জানানো হয়, মঞ্জুর মারা গিয়েছেন।

মৃতের দাদা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসউদ্দিন লস্করের অভিযোগ, বাংলাদেশি সন্দেহে তাঁর ভাইকে পিটিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *