ব্যর্থ বাংলা , প্রথমবার রঞ্জি ফাইনালে উঠে ইতিহাস জম্মু-কাশ্মীর এর
কিউ ইন্ডিয়া বাংলা:- আবার ব্যর্থ বাংলা । মাত্র কয়েক ঘণ্টার ব্যাটিং বিপর্যয়ে রঞ্জি সেমিফাইনালে জম্মু কাশ্মীর এর কাছে লজ্জার হার অভিমন্যু – সুদীপদের । কাজে এলো না মহম্মদ শামির দুর্ধর্ষ বোলিং । ব্যাটারদের বদান্যতায় রঞ্জি ফাইনালে উঠতে পারল না লক্ষীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল। গত মরশুমে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তবে এ বার বাংলা ক্রিকেট দলকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ক্রিকেটপ্রেমীরা। রঞ্জি ট্রফির শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মহম্মদ সামি, সুদীপ কুমার ঘরামিরা। কিন্তু ফের স্বপ্নভঙ্গ। জম্মু-কাশ্মীরের কাছে ৬ উইকেটে হেরে রঞ্জি ট্রফির সেমি ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা।
চলতি মরশুমে রঞ্জি ট্রফি শুরুর আগে সম্ভাব্য সেমফাইনালিস্ট দলের তালিকায় রাখেননি জম্মু-কাশ্মীরকে। এই দলে কোনও তারকা ক্রিকেটার নেই, কোনো দিন সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারেনি যারা, সেই আকিব নবিদের নিয়ে বাজি ধরেননি কেউই। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ইতিহাস গড়েছে জম্মু-কাশ্মীর। সেমি ফাইনালে বাংলাকে হারিয়ে এই প্রথম রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছল তারা। ১৯৫৯ সালে রঞ্জি ট্রফি খেলছে জম্মু কাশ্মীর, মাঝে কেটে গিয়েছে ৬৭ বছর। এ বারেই প্রথম সেমি ফাইনাল ও ফাইনালে পৌঁছে খরা কাটাল জম্মু-কাশ্মীর।
ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৮ রান করে বাংলা। যার মধ্যে একাই ১৪৬ রান করেছিলেন সুদীপ ঘরামী বাকিদের মধ্যে অধিনায়ক অভিমন্যু ৪৯ , শাহবাজ ৪২ করেছিলেন। বাংলার ৩২৮ রানের লক্ষ্যমাত্রা পার করে ফেলত জম্মু কাশ্মীর, যদি না শামি প্রথম ইনিংসে ৮ উইকেট না নিতেন। ২৬ রানের লিড পেয়েও সুবিধা ধরে রাখতে ব্যর্থ বাংলা। দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলার । মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বধীন বাংলা । মূলত জম্মু কাশ্মীর এর ফাস্ট বোলার আকিব নবির স্পেলের কোনো জবাব বাংলার ব্যাটারদের কাছে ছিল না । দুই ইনিংস মিলিয়ে আকিব নবি ৯ উইকেট নেন । ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।
শেষবার ১৯৮৯-৯০ সালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা । তারপর একাধিকবার সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি । ২০২২-২৩ মরশুমে শেষবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছিল বাংলা । সেবার ফাইনালে হার মানতে হয়েছিল সৌরাষ্ট এর কাছে । এবার ফাইনালে ওঠার আগেই জম্মু কাশ্মীর এর কাছে সেমিফাইনালে আটকে গেল।
