বিড়ি চাওয়া নিয়ে ঝামেলা থেকে মৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- মদের আসরের বচসা মারধরে পরিণত, হাসপাতালে মৃত্যু কৃষিশ্রমিকের মদের আসরে বিড়ি চাওয়া নিয়ে শুরু হওয়া তর্কাতর্কি শেষ পর্যন্ত মৃত্যুর ঘটনায় পরিণত হল। মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়া এলাকার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের তেলিবেড়িয়া গ্রামে। ঘটনায় মৃত ভোলা ওরফে সীমন্ত দলুই (৪৯)। পুলিশ অভিযুক্ত সাগর দলুইকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাত প্রায় ১০টা নাগাদ ভোলা ও সাগর একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় ভোলা সাগরের কাছে বিড়ি চান। বিড়ি না থাকায় দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং অভিযোগ, সাগর ভোলাকে বেধড়ক মারধর করেন। মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভোলা।
তড়িঘড়ি তাঁকে আমতা ২ নম্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও সোমবার আবার শারীরিক অবস্থার অবনতি হয়। পুনরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরে পুলিশ অভিযুক্ত সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিড়ি চাওয়া নিয়ে তর্ক থেকেই মারধরের ঘটনা ঘটে এবং সেই আঘাতের ফলেই মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের একটি মুদিখানার দোকান রয়েছে এবং ভোলা কৃষিকাজ করতেন। সাগর বয়সে কয়েক বছরের ছোট। অভিযোগ, মারধরের সময় এলাকায় বহু মানুষ উপস্থিত থাকলেও কেউ বাধা দেননি। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে যান।
আরও জানা গেছে, অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতার ভাইপো এবং মৃত ব্যক্তি এক ভারতীয় জাতীয় কংগ্রেস নেতার ছেলে। ঘটনার জেরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।
