বাসের রেষারেষিতে আহত ১২ আইটি কর্মী
কিউ ইন্ডিয়া বাংলা :- সল্টলেক সেক্টর ফাইভ থেকে বিশ্ব বাংলা গেটের পথে ফের বেপরোয়া বাস রেষারেষির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটল। ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।
মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ আলিপুর চিড়িয়াখানা–নিউটাউন রুটের ২৬০ নম্বর বাস এবং সল্টলেক–বারাসতগামী ডিএন ৪৭ রুটের বাস নজরুল তীর্থ এলাকা পেরোনোর পর থেকেই একে অপরকে ওভারটেক করতে শুরু করে। এরপর নিউটাউন মেলা গ্রাউন্ড পার হওয়ার পর ২৬০ নম্বর বাসটি সামনে বেরোতে গেলে আচমকা সামনে একটি বাইক চলে আসে।
বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ২৬০ নম্বর বাসটি সোজা ধাক্কা মারে ডিএন ৪৭ বাসের পিছনে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে কয়েকজন যাত্রী সিট থেকে ছিটকে পড়ে যান। দুই বাস মিলিয়ে অন্তত ১২ জন আহত হন।
খবর পেয়ে নিউটাউন পুলিশ স্টেশন
ও নিউটাউন ট্রাফিক গার্ড এর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিধাননগর সাব ডিভিশনাল হস্পিটালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনার পরই দুই বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে যায়।
পুলিশ দুই বাস আটক করেছে এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায়ই এমন দৌড় প্রতিযোগিতার মতো বাস চালানো হয়। গত শনিবারই বিশ্ব বাংলা সরণীতে দ্রুতগতির একটি গাড়ি উল্টে তিনজন আহত হয়েছিলেন। নিত্যযাত্রীদের দাবি, কঠোর নজরদারি না বাড়ালে বড় দুর্ঘটনা ঘটতেই থাকবে।
এ প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানিয়েছেন, ধরপাকড় ও জরিমানা চলছে, তবুও কেন একই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে।
