বাড়ির দোরগোড়ায় পুর পরিষেবা, আয় বাড়াতে নয়া উদ্যোগ
কিউ ইন্ডিয়া বাংলা :- ৩০টির বেশি ফ্ল্যাট রয়েছে, এমন আবাসনে পুরকর আদায়ের জন্য বিশেষ শিবির চালু রেখেছে কলকাতা পুরসভা। এই শিবিরগুলিতে সাধারণ মানুষের সাড়া বেশ ভালো মিলছে। বহু মানুষ সরাসরি শিবিরে এসে বকেয়া সম্পত্তিকর মিটিয়ে দিচ্ছেন। যাঁদের মিউটেশন হয়নি, তাঁরাও এই শিবিরে এসে প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন।
কলকাতা পুরসভার এই মডেলকেই এ বার রাজ্যের অন্যান্য পুরসভায় চালু করতে চাইছে পুর দপ্তর। সেই কারণে কেএমডিএ-র আওতাধীন মোট ৩৭টি পুরসভাকে বিভিন্ন আবাসনে পুরকর আদায় ও মিউটেশনের জন্য শিবির করার নির্দেশিকা পাঠানো হয়েছে। পুর দপ্তরের এক কর্তা জানান, শুধু আবাসনে শিবির করেই গত বছরে কলকাতা পুরসভা প্রায় ৮২ কোটি টাকা আয় করেছে। কলকাতার লাগোয়া পুরসভাগুলিও একইভাবে শিবিরের আয়োজন করলে একলপ্তে আয় অনেকটাই বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা।
আবাসনের পাশাপাশি পাড়া-মহল্লাতেও এই ধরনের শিবির আয়োজনের সুপারিশ করেছে পুর দপ্তর। উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে প্রথমবার আবাসনে গিয়ে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। তখন করোনার কারণে মানুষকে পুরভবনে আসা থেকে বিরত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই বছরেই পুরকর ও মিউটেশন বাবদ আদায় হয়েছিল প্রায় ৫২ কোটি টাকা।
এরপর থেকে নিয়মিতভাবেই আবাসনে শিবির করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। পুর দপ্তরের কর্তাদের বক্তব্য, অনেক মানুষই নির্দিষ্ট সময়ে সম্পত্তিকর দিতে চান, কিন্তু পুরভবনে গিয়ে বা অনলাইনে কর জমা দিতে অনীহা রয়েছে। সেই ক্ষেত্রে বাড়ির কাছেই শিবিরের আয়োজন করা হলে সহজেই তাঁদের কাছ থেকে বকেয়া কর আদায় করা সম্ভব হয়।
