আজকের দিনেবাংলার আয়না

বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাঁকুড়ার খাতড়া ব্লকে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘরের মেঝেতে ঢাকা দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ। মাথায় একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, যুবককে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।

মৃত যুবকের নাম সন্দীপ মুদি। বয়স ২৬ বছর। তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। দিন কয়েক আগেই খাতড়া ব্লকের দহলা অঞ্চলের বীরখাম গ্রামে নিজের বাড়িতে ফিরেছিলেন সন্দীপ। শনিবার তিনি বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা-মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

রবিবার সকাল থেকে ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন সন্দীপের বাবা-মা। বিকেলে তাঁরা প্রতিবেশীদের ফোন করে ছেলের খোঁজ নিতে বলেন। প্রতিবেশীরা সন্দীপের বাড়িতে গিয়ে একাধিকবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি।

এরপর মই দিয়ে ছাদে উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে ঘরের ভিতরে উঁকি দিতেই ভয়াবহ দৃশ্য চোখে পড়ে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সন্দীপ। তাঁর দেহ আবার ঢাকা দেওয়া ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় খাতড়া থানার পুলিশ। সন্দীপকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এই ঘটনায় খাতড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। নেপথ্যে কে বা কারা রয়েছে, ঘরের ভিতরে ঢুকে কেউ খুন করেছে কিনা, নাকি অন্য কোনও কারণ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *