বড় অঘটন সিদ্ধার্থ-কিয়ারার পরিবারে
কিউ ইন্ডিয়া বাংলা:- বড় অঘটন বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ – কিয়ারার পরিবারে।গত বছর জুলাই মাসে বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। বাড়িতে এসেছেন কন্যা সন্তান। এর পর এখনও পর্দায় ফেরেননি সিদ্ধার্থ-কিয়ারা দু’জনেই। যদিও কিয়ারার হাতে এই মুহূর্তে অনেক কাজ আছে। সিদ্ধার্থও কাজের প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝেই বড় দুঃসংবাদ তাঁদের পরিবারে। পিতৃহারা হলেন সিদ্ধার্থ মালহোত্রা।
গতকাল ১৭ ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধার্থের বাবা সুনীল মালহোত্রা প্রয়াত হয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়েই স্ত্রী কিয়ারাকে নিয়ে দিল্লি চলে গিয়েছেন সিদ্ধার্থ। বলিউডের এই অভিনেতার আদিবাড়ি দিল্লিতেই। কাজের সূত্রে তাকে থাকতে হয় মুম্বইয়ে। দিল্লির বাড়িতে থাকতেন সিদ্ধার্থের বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।সিদ্ধার্থের বাবা মার্চেন্ট নেভির প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। দিল্লির বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার চিকিৎসকদের সমস্ত লড়াই বিফলে দিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
বাবাকে হারিয়ে সিদ্ধার্থ মানসিকভাবে ভেঙে পড়েছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার লড়াইয়ে সুনীল মালহোত্রা ছিলেন তাঁর প্রধান স্তম্ভ।
তার বাবা সুনীল মালহোত্রার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও কিছু দিন দিল্লির বাড়িতে থাকবেন সিদ্ধার্থ – কিয়ারা জানা গিয়েছে পরিবার সূত্রে।
