ফ্লাইওভারের নিচে উদ্ধার দেহ, রহস্যঘেরা মৃত্যু ইঞ্জিনিয়ারের
কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার ভোররাতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়ক-এর গৌরীহাট সংলগ্ন একটি ফ্লাইওভার থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্লাইওভারের উপর রাস্তার ধারে পড়ে ছিল তাঁর বাইক, আর প্রায় ৯ ফুট নিচে পাওয়া যায় দেহ। কীভাবে তিনি নিচে পড়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে পথ দুর্ঘটনার সম্ভাবনাই দেখছে পুলিশ, যদিও প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
মৃত যুবকের নাম রাজ থাপা (৩৬)। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং তাঁর বাবা পুলিশকর্মী। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা রাজ শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। ভোর প্রায় ৪টে নাগাদ স্থানীয়রা ফ্লাইওভারের উপরে তাঁর বাইক পড়ে থাকতে দেখেন। পরে নিচে তল্লাশি চালিয়ে প্রায় ৯ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পিছন থেকে দ্রুতগতির কোনও গাড়ির ধাক্কায় তিনি নিচে পড়ে যেতে পারেন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে ২৯ মাইল এলাকায় তিস্তায় গাড়ি পড়ে দু’জনের মৃত্যু হয়েছিল এবং দু’জন আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার উত্তরবঙ্গের রাস্তায় মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
