ফের মেট্রো বিপর্যয়
কিউ ইন্ডিয়া বাংলা :- দিনের শুরুতেই ব্যাহত হল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা বিভ্রাট শুরু হয়। প্রায় এক ঘণ্টা পরে, সকাল ৮টা ২০ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বিভ্রাটের জেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার এই দুই অংশে ভাঙা পথে মেট্রো চলাচল করছিল। তবে রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রতিটি স্টেশনে ঘোষণা করে জানানো হয়, রবীন্দ্রসদনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সাময়িক বন্ধ। এর জেরে কর্মব্যস্ত সকালের সময়ে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
এদিন সকালে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। একইভাবে, ময়দান স্টেশনেও রবীন্দ্রসদনমুখী একটি মেট্রো থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলা হয়। এরপরই পরিষেবা বন্ধের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় বহু যাত্রী বিকল্প পরিবহণের খোঁজে বাস ও ট্যাক্সির দিকে ঝুঁকতে বাধ্য হন। স্টেশনগুলিতে দ্রুত ভিড় বাড়তে থাকে। এ সময় বহু স্কুলপড়ুয়াও মেট্রোয় যাতায়াত করছিল। হঠাৎ মেট্রো থেকে নেমে যাওয়ার ঘোষণায় বিভ্রান্ত হয়ে পড়ে অনেক ছোট পড়ুয়া। ভিড়ের মধ্যেই তারা কোনও রকমে স্টেশন ছেড়ে বাস বা ট্যাক্সিতে করে স্কুলে পৌঁছনোর চেষ্টা করে।
