প্রেমিকাকে খুনের পর ইউটিউব দেখে আত্মা ডাকতে বসে যুবক!
কিউ ইন্ডিয়া বাংলা :- একটা ঘর, জানলা বন্ধ। আলো প্রায় নেই বললেই চলে। শুধু কয়েকটা মোমবাতি টিমটিম করে জ্বলছে। ধূপের ধোঁয়ায় ভারী হয়ে আছে বাতাস। সেই ঘরের মাঝখানে বসে এক যুবক চোখ বন্ধ, কাঁপা গলায় বারবার বলছে, “ফিরে এসো… আমাকে ক্ষমা করো…” কিন্তু সে কোনও অলৌকিক সাধনা করছিল না। আবার এটি কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তবের ভয়ঙ্কর ঘটনা। সে ডাকছিল এমন একজনকে, যে আর জীবিত নয়। কারণ কয়েক ঘণ্টা আগেই সেই মানুষটিকেই সে নিজের হাতে হত্যা করেছে। ইউটিউব দেখে শিখেছিল আত্মা ডাকার পদ্ধতি। তাঁর বিশ্বাস ছিল, প্রেমিকার আত্মা ফিরলে সে ক্ষমা চাইতে পারবে। এই শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে ইন্দোরে। পুলিশ এক এমবিএ পড়ুয়া তরুণীকে খুনের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে। জেরা শুরু হতেই উঠে আসে একের পর এক ভয়াবহ তথ্য।
পুলিশ জানায়, ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত যুবক প্রেমিকাকে বাড়িতে ডেকে আনে। বাড়ির কাছের সিসিটিভিতে দেখা যায়, দু’জনে একসঙ্গে ঢুকলেও প্রায় আড়াই ঘণ্টা পরে যুবক একাই বেরোয় সঙ্গে একটি বড় ব্যাগ। তদন্তে জানা যায়, সম্পর্ক খুব পুরনো ছিল না। সেদিন বাড়িতে এনে যুবতীর উপর শারীরিক সম্পর্কের চাপ সৃষ্টি করে অভিযুক্ত। রাজি না হওয়ায় জোর করে অত্যাচার করে। এরপর দড়ি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ‘গিফট’ দেওয়ার কথা বলে। বাধা দিলে মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাঁকে। পরে ছুরি দিয়ে বুকে আঘাত করতে থাকে ছুরি ভেঙে যাওয়া পর্যন্ত।
এতেই থামেনি নৃশংসতা। খুনের পর বাইরে গিয়ে মদ কিনে এনে মৃতদেহের পাশেই বসে পান করে অভিযুক্ত। পরে পোশাক বদলে চলে যায়, ঘরে পড়ে থাকে নগ্ন দেহ।
এদিকে বাড়ি থেকে বেরোনোর সময় তরুণী জানিয়েছিল আধার কার্ড সংশোধনের কাজে যাচ্ছে। বাবা তাকে জেলাশাসকের অফিসের সামনে নামিয়ে দেন। পরে সে বোনকে ফোন করে জানায় বন্ধুর জন্মদিনে যাচ্ছে এবং রাত ১১টার মধ্যে ফিরবে। কিন্তু রাতেই তার ফোন থেকে বার্তা আসে সে ফিরবে না। তারপর তাঁর ফোন থেকেই একাধিক আপত্তিকর ভিডিও পাঠানো হয় পরিচিতদের, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও কলেজ গ্রুপে। এরপর ফোন বন্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে।
তদন্তে জানা যায়, খুনের পর অভিযুক্ত মুম্বই পালিয়ে যায়। পরে পনভেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময়ও সে ইউটিউব দেখে প্রেমিকার আত্মা ডাকার চেষ্টা করছিল। জেরায় যুবক দাবি করেছে, সে প্রেমিকাকে বিয়ে করতে চাইত। কিন্তু মেয়েটি দূরত্ব বাড়াচ্ছিল। একটি ডেটিং অ্যাপে তাঁকে দেখে ক্ষুব্ধ হয়ে বচসার পরই খুন করে বলে জানিয়েছে পুলিশ।
