আজকের দিনেভারত

প্রকাশিত সিবিএসই দশম–দ্বাদশের অ্যাডমিট কার্ড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রকাশিত হয়ে গেল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড। সিবিএসই-র তরফে ‘পরীক্ষা সঙ্গম’ পোর্টালে অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্ক ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে। তবে সিবিএসই ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়ারা নিজেরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সিবিএসই-র নির্দেশ অনুযায়ী, ডাউনলোডের পর প্রতিটি অ্যাডমিট কার্ডে অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার স্বাক্ষর এবং স্কুলের সিল বা স্ট্যাম্প থাকতে হবে। এই দু’টি না থাকলে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই পড়ুয়াদের তা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ (বিশেষ করে দশম শ্রেণির ক্ষেত্রে), বাবা-মায়ের নামসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকবে। এর মধ্যে কোনও তথ্য ভুল থাকলে পরীক্ষার্থীকে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পড়ুয়ার হয়ে সিবিএসই-র আঞ্চলিক দফতরে সংশোধনের জন্য আবেদন করবে। তবে এই সংশোধনের আবেদন নির্দিষ্ট সময়সীমার মধ্যেই করা যাবে। ফলে কোনও ভুল ধরা পড়লে দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিবিএসই ২০২৬-এর দশম ও দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *