পাঁচ বছরের ছেলেকে খুন! মায়ের যাবজ্জীবন
কিউ ইন্ডিয়া বাংলা :- নিজের পাঁচ বছরের ছেলেকে খুনের দায়ে মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দোষী সাব্যস্ত হয়েছেন জ্যোতি রাঠোর। তিনি পুলিশ কনস্টেবল ধ্যান সিং রাঠোরের স্ত্রী। আদালত জানিয়েছে, পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসভঙ্গ থেকেই এই নির্মম ঘটনা ঘটে।
ঘটনাটি ২০২৩ সালের ২৮ এপ্রিলের। পুলিশের তদন্তে উঠে এসেছে, জ্যোতির সঙ্গে পাশের বাড়ির যুবক উদয় ইন্দোলিয়ার অবৈধ সম্পর্ক ছিল। অভিযোগ, সেই সময় পাঁচ বছরের ছেলে যতীন মায়ের সঙ্গে উদয়কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। ছেলে বাবাকে সব বলে দেবে এই আশঙ্কা থেকেই ভয়ংকর সিদ্ধান্ত নেন জ্যোতি।
পুলিশের দাবি, জ্যোতিই ছেলেকে দু’তলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল।
তবে ঘটনার প্রায় ১৫ দিন পর রহস্য ফাঁস হয়। জ্যোতি নিজেই কান্নায় ভেঙে পড়ে স্বামীর কাছে সব স্বীকার করেন। এরপর ধ্যান সিং বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি স্ত্রীর কথোপকথনের অডিও-ভিডিও রেকর্ড করেন, বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জ্যোতি ও উদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে চার্জশিট জমা দেয়। আদালতে সিসিটিভি ফুটেজ-সহ একাধিক প্রমাণের ভিত্তিতে জ্যোতির অপরাধ প্রমাণিত হয়। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, প্রমাণের অভাবে সহ-অভিযুক্ত উদয় ইন্দোলিয়াকে বেকসুর খালাস দেয় আদালত। পুলিশের বক্তব্য, স্বামীর অভিযোগ ও সিসিটিভি ফুটেজই এই ঘটনার সত্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
