পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা মাধ্যমিক পরীক্ষার্থীর
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকালই এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রথম ভাষা বাংলার হাত ধরে। আর আজ এই পরীক্ষার দ্বিতীয় দিনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বুকে। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর সন্তোষ কুমারী গার্লস হাইস্কুলের ছাত্রী যশোদা মিদ্যা তাঁর ইংরেজি পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র মাওয়া ঈশ্বরচন্দ্র হাইস্কুলে যাচ্ছিলেন। তিনি তাঁর বাবার বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
এই ঘটনাটি ঘটে আনন্দপুর থেকে কেশপুরের পথে পাচরা এলাকায়। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে,ছাত্রীর বাবার বাইক একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। আর তখনই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপরেই তাঁরা পড়ে যান। দুর্ঘটনায় যশোদা ও তাঁর বাবা উজ্জ্বল মিদ্যা গুরুতর আহত হন। পরবর্তীতে তড়িঘড়ি স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁদের কেশপুর গ্রামীণ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন যে যশোদার ডান পা ভেঙে গেছে, এবং তাঁকে অস্ত্রোপচার করতে হবে। আর এই কারণেই তাঁর এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
অপরদিকে একই দিনে এক আরও শিক্ষার্থী রণিতা বেরা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। পারিবারিক অশান্তির কারণে পরীক্ষার কয়েকদিন আগে তিনি বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু হাসপাতাল থেকেই তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে জানা যায়।
