পরকীয়ার ছায়ায় তরুণীর মৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতার নাম আফসানা খাতুন (২১)। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উত্তর উদয়পুর এলাকার।
মঙ্গলবার মৃতার বাপের বাড়ির তরফে কুশমণ্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত স্বামী আজাহরুল হক ও শাশুড়ি নারগিস বেগমকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের গঙ্গারামপুর আদালতে তোলা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত হালিমপুর গ্রামের বাসিন্দা আফসানা খাতুনের সঙ্গে কুশমণ্ডির উত্তর উদয়পুরের বাসিন্দা আজাহরুল হকের বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও অন্যান্য সামগ্রী দিয়েছিল আফসানার পরিবার। বিয়ের পর কিছুদিন সব স্বাভাবিক থাকলেও পরে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। শ্বশুরবাড়ির তরফে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ।
এমনই পরিস্থিতিতে আফসানা জানতে পারেন, তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বলে পরিবারের দাবি। সোমবার বিকেলে বাড়ি থেকে আফসানা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার বাবা মকবুল শেখ অভিযোগ করে বলেন, তাঁর জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং ওই সম্পর্কের জেরেই তাঁর মেয়েকে গলা টিপে হত্যা করা হয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, “একটি অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।”
