নিপা বিষয়ক স্বাস্থ্য দপ্তরের নয়া গাইডলাইন
কিউ ইন্ডিয়া বাংলা :- নিপা ভাইরাস মানব শরীরের বাইরে খুব বেশি সময় বেঁচে থাকতে পারে না। সাধারণভাবে পাঁচ মিনিট থেকে ঘণ্টা দুয়েকের মধ্যেই এই ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। চড়া রোদে আরও দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। তাই নিপা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
শুক্রবার নিপা সংক্রমণ মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর পাঁচ সদস্যের চিকিৎসক দল তৈরি করেছে এবং নতুন গাইডলাইন জারি করেছে। গাইডলাইনে বলা হয়েছে, নিপা আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন নিভৃতবাসে থাকতে হবে।
জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানান, এখনও পর্যন্ত রাজ্যে সরকারিভাবে মাত্র দু’জন নিপা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। তাঁদের শনাক্ত করার পরেই দ্রুত কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজ করা হয়েছে। তিনি বলেন,“সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই। নিপা করোনার মতো ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির লালা বা হাঁচি-কাশির মাধ্যমে কাছের মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে।”
স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, যাঁরা দীর্ঘ সময় ধরে নিপা ভাইরাস আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি ছিলেন, তাঁদেরই ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে। তবে উপসর্গ না থাকলেও তাঁদের ২১ দিন আলাদা থাকতে বলা হয়েছে। এই সময় স্বাস্থ্যকর্মীরা দিনে দু’বার ফোন করে তাঁদের শরীরের খবর নেবেন।
নিপা থেকে বাঁচতে সাধারণ মানুষকে কিছু বাড়তি সতর্কতাও নিতে বলা হয়েছে। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। বাদুড় বা অন্য কোনও পশুর খাওয়া ফল খাওয়া যাবে না। এই সময় খেজুর রস এড়িয়ে চলাই ভালো। পেয়ারা ও লিচু খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় কাটা ফল না খাওয়ার কথাও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
