নিপা আতঙ্কে সতর্ক আলিপুর চিড়িয়াখানা
কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতার আলিপুর চিড়িয়াখানায় রয়েছে শহরের একমাত্র বাদুড়ের আস্তানা। দেশে নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতেই চিড়িয়াখানায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
নিপা ভাইরাস পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। মূলত বাদুড় থেকেই এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। আলিপুর চিড়িয়াখানায় বেশ কিছু বাদুড় বাস করে। চিড়িয়াখানার ভিতরে অনেক ফলের গাছ থাকায় ফল খেতে বাদুড়রা প্রায়ই সেখানে আসে।
এই সময় চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়ও অনেক বেশি। প্রতিদিন বহু মানুষ আসেন। চিড়িয়াখানায় কাজ করেন অনেক কর্মীও। যদিও এখনও পর্যন্ত কলকাতায় নিপা আক্রান্তের কোনও খবর নেই। তবু আগাম সতর্কতা হিসেবে রাজ্য জু অথরিটি আলিপুর চিড়িয়াখানাকে সচেতন থাকতে বলেছে।
রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি পি কমলাকান্ত জানান, ভয় পাওয়ার কিছু নেই। তবে সাবধান থাকা জরুরি। চিড়িয়াখানার কিছু প্রাণীর রক্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মী ও দর্শকদেরও সতর্ক করা হচ্ছে।
চিড়িয়াখানার ভিতরে গাছ থেকে পড়ে থাকা ফল কেউ যেন হাতে না নেন, সে বিষয়ে বলা হচ্ছে। দর্শকদের পশুপাখির খাঁচায় বাইরে থেকে কোনও খাবার না দেওয়ার অনুরোধও করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাদুড়ের খাওয়া ফলের সঙ্গে অন্য ফল মিশে গেলে সেখান থেকেও নিপা ছড়াতে পারে। চিড়িয়াখানার প্রাণীদের যে ফল ও সবজি বাইরে থেকে আনা হয়, সেগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে তবেই খাওয়ানো হয়।
নিপা আতঙ্কের কারণে এখন আরও বেশি সাবধানে ফল ধোয়া, কাটা ও প্রাণীদের খাওয়ানোর কাজ করতে বলা হয়েছে।
