নাবালিকা অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরে এক নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। সোমবার রাতে ইঁদুর মারার বিষ খাওয়ার পর তাকে তড়িঘড়ি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন এবং আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
তবে চিকিৎসার মধ্যেই সামনে আসে আরও বড় চাঞ্চল্যকর তথ্য। ৬ ফেব্রুয়ারি চিকিৎসকেরা পরিবারকে জানান, ওই নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা। এই খবর জানার পর পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। এরপর বিষয়টি নিয়ে নাবালিকার সঙ্গে কথা বললে সে জানায়, এক যুবক তাকে ধর্ষণ করেছে।
অভিযোগ জানার পরই পরিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। সোমবার রাতেই তপু পারুই নামে বছর উনিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পাশাপাশি নাবালিকার বয়স, ঘটনার সময়কাল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
