দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের পদক্ষেপ
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলার আকাশ সত্যিই ধোঁয়ায় ভরা। এখানে কুয়াশা নয়, জমছে দূষণ। আর সেই বিষয়টি নিয়ে এবার সরব হল কলকাতা হাইকোর্ট।
কলকাতা ও রাজ্যের ক্রমবর্ধমান দূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করেছে নিজ উদ্যোগেই। সোমবার দূষণ সংক্রান্ত আরও দু’টি জনস্বার্থ মামলা আদালতে ওঠে। সেই সময় প্রধান বিচারপতি জানান, এই বিষয়টি এতটাই গুরুতর যে আদালত নিজেই মামলা করেছে। এই মামলার বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। এদিন আদালতে উপস্থিত কেন্দ্রের আইনজীবী (অতিরিক্ত সলিসিটার জেনারেল) সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করেন।
উল্লেখ্য, এর আগেও দূষণ নিয়ে একাধিক জনস্বার্থ মামলা পার্ক সার্কাসে সার্কাসের আয়োজন বা রবীন্দ্র সরোবরে ছট পুজোর ভিড় থেকে দূষণ বাড়ার অভিযোগে মামলা হয়েছিল। কিন্তু এই প্রথম কলকাতা হাইকোর্ট নিজে থেকেই, কোনও আবেদন ছাড়াই, স্বতঃপ্রণোদিত মামলা করল।
এই স্বতঃপ্রণোদিত মামলার সঙ্গে ওই দু’টি নতুন জনস্বার্থ মামলাও যুক্ত করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি এই সব মামলার শুনানি হবে। ওই দিন সব পক্ষকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
এদিকে দূষণ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মহারাষ্ট্রের একটি সংস্থা রেস্পিরা লিভিং সায়েন্সেস সম্প্রতি রিপোর্ট প্রকাশ করে বলেছে কলকাতার বাতাসে শুধু ধুলো বা ধোঁয়াই সমস্যা নয়। বরং নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ওজোনের মতো ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেশি। এই অদৃশ্য গ্যাসগুলিই এখন কলকাতার দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে উঠছে।
