দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে আদালতে বয়ান বদল নির্যাতিতার
কিউ ইন্ডিয়া বাংলা :- ক্লোজ ডোরে তিন ঘণ্টার সাক্ষ্যগ্রহণ, অভিযুক্তদের শনাক্ত করলেন ছাত্রী। দুর্গাপুরে মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ মোড়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া প্রাথমিক বয়ান থেকে সরে এসে পুলিশের কাছে দেওয়া বক্তব্যই আদালতে পুনরায় তুলে ধরলেন নির্যাতিতা।
শুক্রবার দুর্গাপুর আদালতে ক্লোজ ডোরে সাক্ষ্যগ্রহণের সময় অভিযুক্তদের মধ্যে একজনকে সরাসরি ধর্ষণের দায়ে চিহ্নিত করেন তিনি। শুক্রবার এডিজে স্পেশাল সেশন বিচারক লোকেশ পাঠকের এজলাসে নির্যাতিতার সাক্ষ্যগ্রহণ হয়। সংবেদনশীল মামলার কারণে ভরা আদালতে নয়, সম্পূর্ণ বন্ধ কক্ষে প্রায় তিন ঘণ্টা ধরে এই সাক্ষ্যগ্রহণ চলে। অভিযুক্তদের আইনজীবী শেখর কুন্ডু ও সৌমেন মিত্র, তাঁদের সহকারীরা, বিশেষ সরকারি আইনজীবী ও বিভাস চট্টোপাধ্যায় ছাড়া আর কাউকে এজলাসে থাকার অনুমতি দেওয়া হয়নি। বাইরে কড়া পুলিশি পাহারা ছিল।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারকের প্রশ্নের উত্তরে নির্যাতিতা জানান, অভিযুক্ত সহপাঠী ওয়াসেফ আলি তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং যৌনাঙ্গ স্পর্শ করে। এরপর কী ঘটেছিল, তাও বিস্তারিতভাবে আদালতকে জানান তিনি। পাঁচ অভিযুক্তকে শনাক্ত করার সময় নির্যাতিতা স্পষ্টভাবে একজনকে দেখিয়ে বলেন, ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে। নির্যাতিতার এই বক্তব্য শুনে অভিযুক্তদের মুখ ফ্যাকাশে হয়ে যায় বলেই আদালত সূত্রের দাবি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের ওই ছাত্রী সহপাঠী ওয়াসেফ আলির সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। কলেজ ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনায় সহপাঠী-সহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তের সময় হাসপাতালে থাকাকালীন একরকম বয়ান দিলেও, পরে পুলিশের কাছে নির্যাতিতা ভিন্ন বক্তব্য দেন।
শুক্রবার আদালতে নির্যাতিতা সাবলীলভাবে বিচারকের প্রতিটি প্রশ্নের উত্তর দেন বলে জানা গিয়েছে। এদিন বিশেষ সরকারি আইনজীবীর পক্ষ থেকে পুলিশের কাছে দেওয়া বয়ান, গোপন জবানবন্দি, এফআইআর এবং ছ’টি মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হয়। তবে এদিন সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়নি। শনিবার ফের নির্যাতিতার সাক্ষ্যগ্রহণ হবে। এখনও অভিযুক্তদের সওয়াল শুরু হয়নি, তবে সেই প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে আদালত সূত্রে খবর।
