বাংলার আয়নাভারত

দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের আগে দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ জানুয়ারি মালদহ এবং ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শনিবার রাজ্যে ‘হাই ভোল্টেজ’ রাজনৈতিক দিন। একদিকে উত্তরবঙ্গে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যদিকে শিলিগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশনে দেশের প্রথম হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ মালদহে সরকারি অনুষ্ঠানে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ। পাশাপাশি কোচবিহার–বামনহাট ও নতুন কোচবিহার–বক্সিরহাট রুটে বিদ্যুতায়িত রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চারটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন তিনি।

রবিবার ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে হুগলির সিঙ্গুরে। সেখানে ৮৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদিজি। এর মধ্যে বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেম এবং রোড ওভার ব্রিজ নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য। এছাড়াও জয়রামবাটি–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই রেলপথটি তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। নতুন রেললাইনের পাশাপাশি ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও সূচনা হবে, যার একটি স্টপ থাকবে বড়গোপীনাথপুরে। এর ফলে বাঁকুড়া জেলার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ আরও মজবুত হবে।

সব মিলিয়ে একাধিক নতুন ট্রেন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে বড়সড় বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *