জ্যাজ সিটি’-তে বঙ্গবন্ধুর চরিত্রে কৌশিক
কিউ ইন্ডিয়া বাংলা :- বিজয় দিবসকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’। এই সিরিজ পরিচালনা করছেন পরিচালক সৌমিক সেন। গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থাকছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবর রহমন। আর সেই চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশিক জানান, এই চরিত্রের প্রস্তাব পেয়ে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, প্রথমে তিনি মনে করেছিলেন, তাঁকে মানানসই লাগবে না। কারণ মুজিবুর রহমানের মুখ মানুষের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। শুধু বাংলাদেশ নয়, এপার বাংলা ও বিশ্বজুড়ে বাঙালিদের কাছেও তিনি অত্যন্ত পরিচিত এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। তাই এমন একটি চরিত্রে অভিনয় করা যে বড় দায়িত্বের বিষয়, তা ভালভাবেই বুঝেছিলেন অভিনেতা।
কৌশিক জানান, প্রথম বৈঠকেই তিনি পরিচালককে নিজের সংশয়ের কথা বলেন। কিন্তু পরিচালক তাঁকে আশ্বস্ত করেন। মুম্বইয়ের কয়েকজন বিশেষজ্ঞের কাছে তাঁর ছবি পাঠানো হয়েছিল। কম্পিউটার প্রযুক্তির সাহায্যে পরীক্ষা করে তাঁরা জানান, কৌশিকের মুখের গড়নের সঙ্গে বঙ্গবন্ধুর বেশ কিছু মিল রয়েছে। এরপর লুক টেস্টের সময় সাজগোজ ও মেকআপের পর আয়নায় নিজেকে দেখে নাকি তিনি নিজেই চমকে ওঠেন। তাঁর কথায়, সেই মুহূর্তে নিজেকে আর চেনাই যাচ্ছিল না।
এই চরিত্রের জন্য ভাষাগত দিক থেকেও কিছু প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। কৌশিকের পৈতৃক বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায় হওয়ায় বাঙাল ভাষায় তিনি স্বচ্ছন্দ। আগেও কয়েকটি ধারাবাহিকে ওই ভাষায় সংলাপ বলেছেন। যদিও এই সিরিজে খুব বেশি বাঙাল ভাষা ব্যবহার করতে হয়নি, তবে কয়েকটি উর্দু শায়েরি রয়েছে। হিন্দি গান ও ভাষার সঙ্গে পরিচিত থাকায় উর্দু উচ্চারণে তেমন সমস্যা হয়নি বলেও জানান তিনি।
তবে এই লুক এবং চরিত্রের রূপায়ণের সম্পূর্ণ কৃতিত্ব তিনি পরিচালক ও মেকআপ শিল্পীদেরই দিয়েছেন। তাঁদের পরিকল্পনা, গবেষণা এবং পরিশ্রমেই এই ঐতিহাসিক চরিত্রটি পর্দায় ফুটে উঠেছে বলে মত অভিনেতার।
সব মিলিয়ে, ‘জ্যাজ সিটি’ সিরিজে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের এই অভিনয় দর্শকদের কাছে বিশেষ গুরুত্ব পেতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
