আজকের দিনেবাংলার আয়না

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ বন্ধু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাত হলেই চারচাকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়া ছিল চার বন্ধুর নেশা। জাতীয় সড়কে ঝড়ের গতিতে গাড়ি ছোটানোই যেন অভ্যাসে পরিণত হয়েছিল। সোমবার গভীর রাতেও তার ব্যতিক্রম হয়নি। চার বন্ধু চারচাকা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু সেই রাতের যাত্রাই হয়ে উঠল ভয়াবহ। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারচাকা গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বন্ধুর। আরও এক বন্ধু আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হাড়হিম করা এই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পুটিমারি গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রদীপ ঘোষ, অভিজিৎ দাস ও দ্বীপ দাস। জখম যুবকের নাম বিনয় পাল চৌধুরী। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিনয়েরই ছিল। চারজনেরই বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে। মৃত তিন জনের বাড়ি আলিপুরদুয়ারের বিবেকানন্দ ক্লাব এলাকা, রাজাভাতখাওয়া ও জিতপুরে। জখম যুবক ভোলারডাবরি এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গাড়িটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুতগতিতে বারোবিশার দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে থাকা একটি বিশাল বটগাছে ধাক্কা মারে গাড়িটি। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, তিন তরুণ রাস্তার উপর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন। গাড়ির ভেতরে আটকে ছিলেন আরও একজন।

স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে জখম যুবককে বের করে আনা হয়। এরপর চারজনকেই দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম যুবকের চিকিৎসা চলছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, নাকি অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মাদক জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখমদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *