জট কাটলো চিংড়িঘাটা মেট্রোরেলের
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে অবশেষে আশার খবর। কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দেওয়ার পর নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। কবি সুভাষ–কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ) মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোনোর জন্য চিংড়িঘাটায় নতুন ট্রাফিক ডাইভারশন চালু করা হয়েছে।
মেট্রোর কাজ যাতে আর বন্ধ না থাকে, সে কারণেই সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়া গাড়ির জন্য বিকল্প রাস্তা খুলে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন ভেড়ির পাশ দিয়ে এই নতুন রাস্তা দিয়ে এখন যান চলাচল করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৫০ মিটার রাস্তা ঘুরিয়ে চিংড়িঘাটা উড়ালপুল পার করিয়ে গাড়ি বের করার ব্যবস্থা করা হয়েছে। এই রাস্তা মেট্রো লাইনের নীচে তৈরি এবং বহু মাস আগেই প্রস্তুত ছিল। যানজট এড়াতে উড়ালপুলে ওঠার আগেই রাস্তাটিকে দু’ভাগ করা হয়েছে।
উল্টোডাঙা ট্রাফিক গার্ড জানিয়েছে, নতুন রাস্তায় মূলত বাস ও মালবাহী গাড়ি চলবে। তবে বাইক, ট্যাক্সি ও ছোট গাড়ি আগের মতোই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ব্যবহার করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, চিংড়িঘাটা মেট্রোর মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ নিয়েই এতদিন সমস্যা চলছিল। এই কাজের জন্য রাতে কয়েকদিন বাইপাস বন্ধ রাখার আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি না মেলায় বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশকে ভর্ৎসনা করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্যা মেটানোর নির্দেশ দেয়। এরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং তৈরি হয়ে থাকা রাস্তা খুলে দেওয়া হয়।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, “মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য আলোচনা চলছে।” ট্রাফিক পুলিশের একাংশের মতে, নতুন ডাইভারশন চালু হওয়ায় ব্যস্ত সময়েও চিংড়িঘাটা ফ্লাইওভারের মুখে যানজট অনেকটাই কমবে। মেট্রোর কাজ চললেও সাধারণ মানুষের অসুবিধা কম হবে। তবে উত্তরমুখী রাস্তার সমস্যা অনেকটাই মিটলেও দক্ষিণমুখী—সায়েন্স সিটি বা গড়িয়ার দিকে যাওয়া গাড়ির জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশের আলোচনা চলছে।
