চেম্বারেই খুন চিকিৎসক
কিউ ইন্ডিয়া বাংলা :- বর্ধমানে চাঞ্চল্যকর ঘটনা। নিজের চেম্বারের মধ্যেই খুন হলেন এক অর্থোপেডিক চিকিৎসক চিকিৎসক। মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। তিনি এলাকায় বেশ পরিচিত। মঙ্গলবার সকালে বর্ধমান শহরের বর্ধমান গ্রামীণ ব্যাঙ্কের নিচে অবস্থিত তাঁর চেম্বার থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সময়মতো চেম্বার খুলেছিলেন রাজা ভৌমিক। চেম্বার খোলার কিছুক্ষণ পরেই কয়েকজন রোগীর পরিবারের সদস্য চেম্বারের ভিতরে ঢোকেন। এরপর চেম্বারের ভেতর থেকে বচসার শব্দ শোনা যায় বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। কিছু সময় পর ওই ব্যক্তিরা চেম্বার থেকে বেরিয়ে যান।
এরপরই সন্দেহ হয় স্থানীয়দের। চেম্বারের ভিতরে ঢুকে তাঁরা দেখতে পান চিকিৎসক রাজা ভৌমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, চিকিৎসককে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের মাথার পিছনে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেনই বা এই হামলা সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।
