ঘন জঙ্গলে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার ১ অভিযুক্ত
কিউ ইন্ডিয়া বাংলা :- ওড়িশার কান্ধমাল জেলায় নাবালিকাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ভয় আর হাড়কাঁপানো শীতের মধ্যে সারা রাত ঘন জঙ্গলে একা কাটিয়ে কোনওক্রমে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছে বছর চোদ্দোর ওই কিশোরী।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেলঘর থানা এলাকায়। গত রবিবার বিকেলে গ্রামের এক খালের ধারে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেখান থেকেই গ্রামেরই দুই যুবক তাকে তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায়।
পুলিশের দাবি, অভিযুক্তরা কিশোরীর শ্লীলতাহানি করে। সে বাধা দিলে মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় তার পোশাক। এমনকি ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়। পরে তার মুখ বেঁধে জঙ্গলেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
সারা রাত জঙ্গলে পড়ে থাকার পর সোমবার ভোরে কোনওরকমে পথ চিনে নিজের গ্রামে ফেরে মেয়েটি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন এবং বেলঘর থানায় এফআইআর দায়ের করা হয়।
বালিগুড়া এসডিপিও শুভম ভোসলে জানিয়েছেন, একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যজন পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
