আজকের দিনেভারত

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা পেলেন অশোক চক্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ বীরত্ব সম্মান অশোক চক্রে ভূষিত করেছেন। কার্তব্যপথে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়।

শুভাংশু শুক্লা ২০২৫ সালে অ্যাক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান। উইং কমান্ডার রাকেশ শর্মার পরে তিনিই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ সফরের কৃতিত্ব অর্জন করেন। মহাকাশে অবস্থানকালে তিনি একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা চালান এবং বিশেষভাবে শূন্য মাধ্যাকর্ষণে মেথি ও মুগ ডাল চাষে সফল হন।

বিশেষজ্ঞদের মতে, তাঁর এই অভিযান প্রমাণ করে দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব কিছুই নয়। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি মিশন সফলভাবে সম্পন্ন করেছেন এবং পেশাদারিত্ব, নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্তগ্রহণের নজির স্থাপন করেছেন।

প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি মোট ৭০ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে বীরত্ব সম্মান প্রদান করেছেন, যার মধ্যে ছয়জনকে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে। এছাড়া, গ্রুপ ক্যাপ্টেন প্রসান্ত বালাকৃষ্ণন নায়ার কীর্তি চক্রে ভূষিত হয়েছেন। নায়ার ছিলেন ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগনযান-এর নির্বাচিত চার নভশ্চরের একজন এবং ৩,০০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন ফাইটার টেস্ট পাইলট। তিনি অ্যাক্সিয়ম-৪ মিশনের ব্যাকআপ ক্রু হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই বীরত্বপূর্ণ কৃতিত্ব শুধু দেশের গর্ব নয়, তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *