আজকের দিনেবাংলার আয়না

ভাঙ্গরে ড্রাম বিস্ফোরণ, ঝলসে গেল চার শিশু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে-এ রাস্তার পাশে রাখা রাসায়নিক ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণে ঝলসে গেল চার খুদে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে এম আর বাঙুর হাসপাতালে।

জানা গিয়েছে, ক্যানিং বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছিল। মঙ্গলবার বিকেলে ওই রাস্তায় প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল বোঝাই একটি ড্রাম রাখা ছিল। ড্রামের পাশেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সি চার শিশু। হঠাৎ বিকট শব্দে ফেটে যায় ড্রামটি। বিস্ফোরণের তীব্রতায় এক শিশু মারাত্মকভাবে ঝলসে যায়, বাকি তিনজনও দগ্ধ হয়। যন্ত্রণায় কাতর হয়ে এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয় বলেও জানা গিয়েছে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে সাদিকুল মোল্লা নামে এক শিশুর অবস্থা সঙ্কটজনক।

এই ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে বোমা স্কোয়াড ও ডগ স্কোয়াডও এলাকায় তল্লাশি চালায়।

রাস্তা সংস্কারের কাজে নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা এবং দাহ্য পদার্থ খোলা রাস্তায় কেন ফেলে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *