কেকেআর পেয়ে গেল মুস্তাফিজুর রহমানের বদলি, বিশ্বকাপ মাতানো ফাস্ট বোলার যোগ দিচ্ছেন নাইটদের দলে
কিউ ইন্ডিয়া বাংলা :- আসন্ন আইপিএল এর জন্য নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল । ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশী এই পেসার কে ছেড়ে দিতে হয়েছিল । তার বদলি কে হবেন এ নিয়ে বিগত কয়েক মাস সোশ্যাল মিডিয়ায় প্রচুর চর্চা হয়েছে । অবশেষে টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে ১৩ই মার্চ কিং খানের দল জিম্বাবোয়ের ব্লেজিং মুজারাবানিকে দলে নিল । সূত্রের খবর তিনি আগামী মঙ্গলবার ভারতে এসে যাবেন ।
আইপিএলে জিম্বাবোয়ের এই ফাস্ট বোলার নতুন নন । গত সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তিনি লুঙ্গি এনগিডির বদলে সুযোগ পেয়েছিলেন । তার একটিও ম্যাচ গতবারে খেলা হয়নি । ৬ ফুট ৮ ইঞ্চির এই ফাস্ট বলার কিছুদিন আগেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে গেছেন। সিকান্দার রাজাদের টিমে তিনি সর্বাধিক উইকেট শিকারী ছিলেন । তার সংগ্রহ হয়েছিল ১৩ টি উইকেট। এই ফাস্ট বোলারের আইপিএল খেলার অভিজ্ঞতা না থাকলেও বিশ্বজুড়ে অনেক টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা আছে। তার কাছে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের অফার থাকলেও তিনি আইপিএলের কলকাতা নাইট রাইডার্স কে বেছে নেন । ২৯ বছরের এই ফাস্ট বোলার এখনো পর্যন্ত তার দেশের হয়ে ৮৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬ টি উইকেট নিয়েছেন । যার মধ্যে সেরা পরিসংখ্যান আট রানে তিন উইকেট।
আসন্ন আইপিএলে আগামী ২৯ শে মার্চ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। তার আগেই ব্লেজিং মুজারাবানির মত ফাস্ট বোলার যোগ দেওয়াতে অনেকখানি শক্তি বাড়লো নাইটদের বলাই যায়। বিগত মরশুমে খুব একটা ভালো ফল করতে পারেনি কিং খানের দল। এবার তারা চ্যাম্পিয়ন হতে মরিয়া ।
