আজকের দিনেবাংলার আয়না

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানা, আহত ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জীবিকার তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আবার বাঘের আক্রমণের শিকার হলেন এক মৎস্যজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবন সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মৎস্যজীবীর নাম বনু বক্তা(৩২)। তিনি আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে নৌকায় করে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। দলটিতে মোট ১২ জন ছিলেন। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার কলস দ্বীপের কাছে বিজয়ওয়াড়া জঙ্গলের সংলগ্ন নদী পথে কাঁকড়া ধরছিলেন। ঘটনার সময় হঠাৎ করেই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই বাঘটি বনু বক্তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা এই হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। কীভাবে বাঘটি এত কাছাকাছি চলে এসেছিল, তা কেউ বুঝে উঠতে পারেননি।

বাঘের আক্রমণ দেখে তাঁর সঙ্গীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তাঁরা চিৎকার শুরু করেন এবং লুঠি, লোহার রড ও হাতের কাছে থাকা জিনিস দিয়ে বাঘকে তাড়ানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে বাঘটি আহত মৎস্যজীবীকে ছেড়ে আবার জঙ্গলের ভিতরে চলে যায়। এরপর সঙ্গীরা দ্রুত আহত বনু বক্তাকে উদ্ধার করে নৌকায় করে নিকটবর্তী এলাকায় নিয়ে আসেন। পরে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে বাঘের কামড়ে তিনি গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুন্দরবনে এই ধরনের ঘটনা নতুন নয়। আগেও বহুবার কাঁকড়া, মাছ বা মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। তবুও দারিদ্র্যের কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জঙ্গলে ঢুকতে বাধ্য হন মৎস্যজীবীরা। স্থানীয়দের অভিযোগ, বিকল্প কাজের সুযোগ না থাকায় এবং পরিবার চালানোর তাগিদে মানুষ বাধ্য হয়ে জঙ্গলে যান। যদিও বনদফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়, তবু পেটের দায়ে সেই সতর্কতা মানা অনেক সময় সম্ভব হয় না।

এই ঘটনার পর সুন্দরবন এলাকায় আবারও মানুষ ও বাঘের সংঘর্ষ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা চাইছেন, মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য প্রশাসন ও বনদফতর আরও কার্যকর ব্যবস্থা নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *