কলকাতায় যুবসাথী ফর্মে ভিড় সামলাতে কেন্দ্র পিছু একাধিক শিবির
কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতায় যুবসাথী প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ নিয়ে এবার আলাদা উদ্যোগ নিল পুরসভা। জেলার ক্ষেত্রে যেখানে সাধারণত একটি বিধানসভা কেন্দ্রে একটি করে শিবির রাখা হয়, সেখানে মহানগরের ঘনবসতি ও বিপুল আবেদনকারীর কথা মাথায় রেখে একেকটি কেন্দ্রে একাধিক অফিস ও শিবির থেকে ফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ বরো অফিসেই সোশাল সেক্টরের অফিসাররা সরাসরি আবেদনপত্র বিলি করবেন। পাশাপাশি বহু জায়গায় বৃহৎ আকারের ক্যাম্পের ব্যবস্থাও করেছেন সংশ্লিষ্ট বিধায়করা, যাতে ভিড় কমে এবং নাগরিকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়।
দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ফিউচার ফাউন্ডেশন স্কুলের উল্টো দিকে ঋষি অরবিন্দ পার্কে বিশাল শিবিরের আয়োজন করেছেন মন্ত্রী-বিধায়ক অরূপ বিশ্বাস। আবার সাদার্ন অ্যাভিনিউতে নবনালন্দা স্কুলের উল্টো দিকে বুলেভার্ডের মাঝখানে পৃথক শিবির করেছেন দেবাশিস কুমার। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে পার্ক সার্কাস ময়দানের পাশাপাশি বরো-৭ অফিসেও ফর্ম মিলবে। বেহালা পশ্চিমে ম্যান্টনের বরো-১৪ অফিসে এবং বেহালা পূর্বে বরো-১৬ অফিসের পাশাপাশি আবাহন কমিউনিটি হলে শিবির খোলা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে বেলভেডিয়ার রোডের বরো-১ অফিস ছাড়াও পদ্মপুকুর মোড়ে কল্যাণ চক্র ক্লাব, চেতলার ৮২ নম্বর ওয়ার্ড অফিস ও হাজরা মোড়ের ৭৩ নম্বর ওয়ার্ডে আলাদা ক্যাম্প থাকছে।
কলকাতা বন্দর কেন্দ্রেও দু’টি জায়গায় শিবির করা হয়েছে—বরো-১ অফিস এবং ৭৭ নম্বর ওয়ার্ডের ৯৯/১ কার্ল মার্কস সরণিতে। বেলেঘাটা কেন্দ্রে মৌলানা আবুল কালাম আজাদ রোডের বরো-৩ অফিসে ফর্ম পাওয়া যাবে। চৌরঙ্গী কেন্দ্রে বরো-৬ অফিসের পাশাপাশি রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে শিবির বসছে। এন্টালি কেন্দ্রে বরো-৭ অফিস ও শীল লেন ময়দানে ক্যাম্প করা হচ্ছে। যাদবপুর কেন্দ্রে বরো-১১ অফিস ও শ্যামাপল্লি মাঠে শিবির, আর জোড়াসাঁকো কেন্দ্রে সূর্য সেন স্ট্রিটের বরো-৫ অফিসের পাশাপাশি বড়বাজারের তারাসুন্দরী পার্কে ফর্ম দেওয়া হবে। কসবা কেন্দ্রে গড়ফা মেন রোডের বরো-১২ অফিস ছাড়াও গীতাঞ্জলি স্টেডিয়ামে শিবির বসছে।
কাশীপুর-বেলেঘাটা কেন্দ্রে বিটি রোডের বরো-১ অফিস ও রাজা মণীন্দ্র রোডের মোহিত মঞ্চ—এই দু’টি জায়গায় ফর্ম মিলবে। মানিকতলা কেন্দ্রে বিধান সরণির বরো-২ অফিস ও পি-১৭ সিআইটি রোডের ৩২ নম্বর ওয়ার্ডে শিবির হচ্ছে।
মেটিয়াবুরুজ কেন্দ্রে বদরতলা মাদ্রাসা ও বরো-১৫ অফিসে আবেদন নেওয়া হবে। শ্যামপুকুর কেন্দ্রে বরো-৪ অফিসের পাশাপাশি কাশী বোস লেনের সুধীর মুখার্জি উদ্যানে ক্যাম্প বসছে।
পুরসভার মতে, শহরের প্রতিটি অঞ্চলে একাধিক শিবির রাখার ফলে নাগরিকদের নিজস্ব ওয়ার্ডে অতিরিক্ত ভিড় তৈরি হবে না এবং নিকটবর্তী অন্য ক্যাম্প থেকেও সহজে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ফলে এবার যুবসাথী প্রকল্পে আবেদন করতে কলকাতাবাসীর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির সম্ভাবনা অনেকটাই কমবে বলেই প্রশাসনের মত।
