কলকাতায় আয়কর হানা, একযোগে ৮ জায়গায় অভিযান
কিউ ইন্ডিয়া বাংলা :- সপ্তাহের প্রথম দিনেই কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ আয়কর দফতরের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল থেকে মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় একযোগে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, মোট ৮টি জায়গায় একসঙ্গে এই অভিযান চালানো হচ্ছে।
আয়কর দফতরের তল্লাশি চলছে সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে। তিনি একটি জৈব সারের কোম্পানির মালিক বলে জানা গিয়েছে। সোমবার সকালেই আয়কর আধিকারিকরা প্রথমে পৌঁছন তাঁর ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে। সেখানে তল্লাশি শুরু হওয়ার কিছু সময় পরেই ১০ নম্বর রাজা সন্তোষ রোডে অবস্থিত তাঁর বাড়িতেও অভিযান চালানো হয়। বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চলে বলে সূত্রের খবর।
আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে, আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। তদন্তকারী আধিকারিকদের মতে, সুধীর সাতনালিওয়ালার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছে। তল্লাশি চলাকালীন বাড়ি ও অফিস থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কম্পিউটারের হার্ডডিস্ক, আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুধু মধ্য ও দক্ষিণ কলকাতাই নয়, নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-র একটি অভিজাত আবাসনেও আয়কর দফতরের তল্লাশি অভিযান চলছে। ওই আবাসনের টাওয়ার ৩-এর ন’তলায় রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে সকাল থেকেই আধিকারিকরা তল্লাশি শুরু করেন। এছাড়াও নিউটাউনের ইকো স্পেস এবং পার্ক স্ট্রিট এলাকার একটি অফিসেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন বলে জানা গিয়েছে।
হঠাৎ এই একযোগে অভিযান ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তদন্ত এখনো চলছে এবং আয়কর দফতরের তরফে এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
