আজকের দিনেতিলোত্তমা

কনস্টেবল নিয়োগ নিয়ে বড় বার্তা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে লিখিত পরীক্ষার নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই এই তালিকা প্রকাশ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে আদালতের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে পরীক্ষা নেওয়া হয় ২০২৫ সালে। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় গত বছরের ২৯ ডিসেম্বর। কিন্তু ফল প্রকাশের সময় দেখা যায়, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ না করে শুধুমাত্র একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই নম্বরহীন তালিকাকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই বিচারপতি ভট্টাচার্য নম্বর-সহ তালিকা প্রকাশের নির্দেশ দেন।
অন্যদিকে, একই নিয়োগ প্রক্রিয়া ঘিরে আরও একটি মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে আবেদন জানানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট। অভিযোগ, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা পরিমাপে গন্ডগোল হয়েছে। মামলাকারীদের দাবি, তাঁদের নির্ধারিত উচ্চতা থাকা সত্ত্বেও ভুল মাপের কারণে ইন্টারভিউ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা রিক্রুটমেন্ট বোর্ড এবং সংশ্লিষ্ট পরীক্ষকদের কাছে আবেদন জানাতে চাইলেও তা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ ওঠে।

এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন। সেই আবেদন গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে।

জানা গিয়েছে, ২০২৪ সালের নিয়ম মেনে রাজ্য সরকার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশের পর ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যে তালিকায় আবেদনকারী আমানা খাতুন, তসলিমা নাসরিনদের ইন্টারভিউয়ের ডাক পাওয়ার কথা ছিল, অভিযোগ অনুযায়ী উচ্চতা মাপজোখের সমস্যার কারণে সেই তালিকা থেকে ছিটকে যান ১৫ জন পরীক্ষার্থী।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক আদালতে জানান, উচ্চতার মাপকাঠি নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। তাঁর বক্তব্য, স্বাভাবিকভাবে উচ্চতা কমার কথা নয়, ফলে মাপজোখে গন্ডগোল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেই প্রেক্ষিতেই আদালত দ্রুত আবেদন গ্রহণ ও বিবেচনার নির্দেশ দিয়েছে।
এই নির্দেশের ফলে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *