আজকের দিনেবাংলার আয়না

ইডির জেরার মুখে হাওড়ার পুলিশ কমিশনার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করল হাওড়ার নতুন পুলিশ কমিশনার, আইপিএস আকাশ মাগারিয়াকে। সোমবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কয়লা পাচার সংক্রান্ত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই তদন্ত সূত্রে খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, আকাশ মাগারিয়া যখন পুরুলিয়ার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন, সেই সময় কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তি ‘লালা’-কে নানাভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই কয়লা পাচার চক্রে তাঁর ভূমিকা কী ছিল, তা জানতেই ইডির এই তলব বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক কয়লা ব্যবসায়ীকে জেরা করেছে ইডি। সেই জেরার ভিত্তিতেই উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারীদের মূল লক্ষ্য, পাচার হওয়া কয়লার টাকা কোথায় কোথায় বিনিয়োগ বা স্থানান্তরিত হয়েছে এবং সেই অর্থের চূড়ান্ত গন্তব্য কী তা চিহ্নিত করা। পাশাপাশি, এই আর্থিক লেনদেনের সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও কয়লা পাচার মামলায় আকাশ মাগারিয়াকে তলব করেছিল ইডি। সেই সময় তাঁর সঙ্গে আরও সাতজনকে ডেকে পাঠানো হয়। তাঁদের মধ্যে ছিলেন জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায় এবং কোটেশ্বর রাও।

প্রসঙ্গত, গত শুক্রবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সম্প্রতি হাওড়ার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইপিএস আকাশ মাগারিয়া। এর আগে তিনি ডিআইজি, প্রেসিডেন্সি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, হাওড়ার প্রাক্তন কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনের আবহে এই কয়লা পাচার সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও কী কী বিস্ফোরক তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক স্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *