আজকের দিনেবাংলার আয়না

আসুতিতে একদিনে ১৪ বাড়িতে চুরি, আতঙ্কে বাসিন্দারা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আসুতি থানা এলাকায় একদিনে পরপর ১৪টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত প্লাজা অঞ্চলে এই ঘটনার পর আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে নগদ টাকা, গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় চুরির উপদ্রব বাড়ছিল। তবে একদিনে ১৪টি বাড়িতে চুরি হওয়ায় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। একটি বাড়ি থেকে প্রায় চার লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। একটি অফিস থেকেও প্রায় এক লক্ষ টাকা উধাও হয়েছে। অন্য একটি বাড়ি থেকে রুপোর গয়না ও নগদ আড়াই হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি।
এলাকাবাসীর বক্তব্য, যেসব বাড়িতে কেউ থাকছেন না, সেগুলিকেই নিশানা করছে চোরেরা। ফলে এলাকারই কেউ তথ্য দিচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। এক মহিলা জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগেই গেটের তালা ভেঙে চুরি হয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তাঁরা।

কিছু সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে বলে জানা গিয়েছে। একটি ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি অফিসে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তন্নতন্ন করে খুঁজছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। রাতের টহলও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা যৌথ স্বাক্ষর সংগ্রহ করে থানায় পিটিশন জমা দিয়েছেন। তাঁদের দাবি, দ্রুত চোরদের গ্রেফতার করতে হবে এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করতে হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও, চোরদের নাগাল পেতে এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *