আজকের দিনেতিলোত্তমাভারত

আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির, নতুন মোড় তদন্তে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ইডির বিশেষ আদালতে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা।

আর জি কর কাণ্ড সামনে আসার পর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে ইডি তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্তে নামে। তদন্তের সময় নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানসহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে একে একে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে। তদন্তকারীদের দাবি, বিপ্লব ও সুমন ভেন্ডর হিসেবে যুক্ত ছিলেন। পরে এই মামলায় সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলিকেও গ্রেপ্তার করা হয়। মোট চারজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

তবে এই মামলায় তদন্তের গতি নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তীব্র ভর্ৎসনা করে হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছিলেন, “ইডি চার্জশিট দেয় না, বিচারপ্রক্রিয়াও শুরু করে না।” সেই পর্যবেক্ষণের পর দীর্ঘ তদন্ত শেষে অবশেষে শুক্রবার এই মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি।

এদিকে একই দিনে এই মামলার আরেক গুরুত্বপূর্ণ মোড়। ‘হুইসল ব্লোয়ার’ হিসেবে পরিচিত আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই আদালত। বিচারক তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। ফলে এখন নজর, ইডি তাঁকে গ্রেপ্তার করে কি না এবং এই মামলায় তদন্ত কোন দিকে এগোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *