আজকের দিনেতিলোত্তমা

আর জি কর কাণ্ডে বিপাকে আখতার আলি, কড়া নির্দেশ আদালতের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলায় বড় বিপাকে পড়লেন তথাকথিত ‘হুইসেল ব্লোয়ার’ আখতার আলি। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সিবিআই-এর বিশেষ আদালত। শুক্রবার মামলার শুনানিতে তাঁর হাজির থাকার কথা থাকলেও তিনি আদালতে আসেননি। তাতেই ক্ষুব্ধ আদালত তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

এদিন আর জি কর দুর্নীতি মামলা সিবিআই আদালতে উঠলে বিচারক লক্ষ্য করেন, আগেও একাধিকবার আদালতে হাজিরা এড়িয়েছেন আখতার আলি। শুক্রবারও তাঁর অনুপস্থিতিতে আদালত কড়া অবস্থান নেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্রের খবর, বর্তমানে আখতার আলি হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা ভালো নয় বলে দাবি করা হয়েছে। যদিও আদালতে হাজিরা এড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে আদালত। এই মামলায় গ্রেপ্তার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীর দাবি, দুর্নীতির সঙ্গে আখতার আলি নিজেই জড়িত। তাঁর বক্তব্য, সুবিধা না পেয়ে পরে তিনি দুর্নীতির অভিযোগ তুলেছেন। অর্থাৎ, ‘হুইসেল ব্লোয়ার’ হিসেবে যে দাবি করা হচ্ছে, তা আদৌ ঠিক নয় বলেই সন্দীপ ঘোষের পক্ষের আইনজীবীর বক্তব্য।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। সিবিআই-এর জমা দেওয়া রিপোর্ট ও চার্জশিট খতিয়ে দেখে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও ওতপ্রোতভাবে জড়িত।
যদিও সেদিন আখতার আলির আইনজীবী আদালতে দাবি করেছিলেন, তিনি কোনওভাবেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন ‘হুইসেল ব্লোয়ার’ এবং তিনিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন।
এর পাল্টা যুক্তিতে সিবিআই-এর আইনজীবী অমাজিৎ দে আদালতে জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। সেই প্রমাণ অনুযায়ী, আর জি কর হাসপাতালের দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলির সরাসরি যোগ রয়েছে।

সব দিক খতিয়ে দেখেই শেষ পর্যন্ত শুক্রবার সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারির নির্দেশ দেয়। ‘হুইসেল ব্লোয়ার’ হিসেবে পরিচিত আখতার আলির ভূমিকা নিয়েই এখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *