আমতার কাঠের গোডাউনে আগুন
কিউ ইন্ডিয়া বাংলা:- ফের অগ্নিকান্ডের ঘটনা রাজ্যে । আনন্দপুর এর মোমো কারখানায় আগুন লাগার ঘটনা এখনো তাজা মানুষের মনে । এরই মধ্যে আবার অগ্নিকাণ্ড । আজ ১০ ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক কোটি টাকার মালপত্র। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে, জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাছে গুদামে কাঠ চেরাই হতো এবং কাঠের গুড়োয় আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একটি ইলেকট্রনিক্স এর দোকানসহ আরো দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তিন ঘন্টার চেষ্টায় দমকলের মোট ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আজ ভোর সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগে । এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ইলেক্ট্রনিক্স গোডাউনে । সেখানে চারজন ঘুমিয়ে ছিলেন । আগুন লাগার ঘটনা বুঝতে পেরে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে কোনরকমে প্রাণে বেঁচে যান তারা । মিলের মধ্যেই ঘুমিয়ে ছিলেন মিল মালিক। আগুনে আহত হন তিনি। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী আমতা হাসপাতালে। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় স্থানীয় আমতা থানার পুলিশ।
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। তিনি পুলিশ ও দমকল আধিকারিকদের সাথে কথা বলেন। বিধায়ক আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে।” রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
