আনন্দপুরে মোমো কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩ নিরাপত্তারক্ষী
কিউ ইন্ডিয়া বাংলা :- ছুটির দিনে ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল কলকাতায়। দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায় একটি মোমো তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। রবিবার ভোররাতে নাজিরাবাদ রোডে অবস্থিত ওই কারখানা থেকে আচমকাই আগুন ও ধোঁয়া বেরোতে দেখা যায়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়েই দমকল ও পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের একের পর এক মোট ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে কারখানাটি সরু গলির মধ্যে হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে ও আগুন নেভাতে অনেকটাই সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার নেয়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে যান। বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্থানীয়দের দাবি। ইতিমধ্যে কারখানার একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারখানার ভেতরে থাকা বাইক ও বিভিন্ন যন্ত্রপাতিও পুড়ে নষ্ট হয়েছে।
এই ঘটনার পর থেকে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, তিনজন নিরাপত্তারক্ষীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, রাতের শিফটে ওই তিনজনই কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আগুন লাগার পর থেকেই তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। কারোর সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনার সময় তাঁরা কারখানার ভেতরে ছিলেন কিনা, নাকি কোনওভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় প্রচুর পরিমাণে পাম তেল এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে এতটা সময় লাগছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
নিখোঁজ তিন নিরাপত্তারক্ষীর খোঁজে দমকল ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দমকল কর্মীরা ঘটনাস্থলেই থাকবেন বলে জানা গিয়েছে।
