আত্মীয়ের বাড়িতে এসে রহস্যমৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- চিকিৎসার জন্য আত্মীয়ের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল যাদবপুর থানার দেশবন্ধু রোড এলাকায়। মৃত ব্যক্তির নাম তপন দাস (৬৩)। তিনি মন্দারমণির বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার সূত্রে খবর, তপন দাসের আগে চোখের অপারেশন হয়েছিল। সেই চোখের চিকিৎসার কারণেই তিনি যাদবপুরে আত্মীয় অরুণ নায়েকের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার চিকিৎসক দেখানোর পর রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করেন তিনি। এরপর তিনতলার একটি ঘরে শুয়ে পড়েন।
রাত প্রায় ১টা নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙে বাড়ির লোকজন ও আশপাশের বাসিন্দাদের। বাইরে বেরিয়ে দেখা যায়, তপনবাবু রক্তাক্ত অবস্থায় বাড়ির নিচে পড়ে রয়েছেন। কীভাবে তিনি নিচে পড়লেন, তা কেউই বুঝে উঠতে পারেননি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, চোখের সমস্যার কারণে মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যেতে পারেন তপন দাস। তবে ঘটনাস্থলে ছাদের চারপাশে পাঁচিল থাকায় মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বাঁধছে।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। বাড়ির সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ছাদ থেকে পড়ে মৃত্যু, আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের এক সদস্য জানান, “রাত একটা নাগাদ খুব জোরে আওয়াজ হয়। আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। কীভাবে এমনটা ঘটল, বুঝতে পারছি না। ছাদে পাঁচিল আছে, হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি তদন্তের দিকেই এখন তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
