আজকের দিনেবাংলার আয়না

অন্ডালে অঙ্গনওয়াড়ির খাবারে পোকা, বিক্ষোভ অভিভাবকদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খাবারে পোকা থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালে। শুক্রবার উখড়ার শফিকনগর এলাকার ২৪২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটে। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে সকাল থেকেই কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, প্রসূতি মহিলা ও শিশুদের পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয়, সেই খাবারেই পোকা পাওয়া গিয়েছে। নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে কেন, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অনেকেরই আশঙ্কা, এই খাবার খেয়ে কেউ অসুস্থ হলে দায় কে নেবে। অর্জুন গোস্বামী নামে এক অভিভাবক বলেন, “যেসব শিশুরা অঙ্গনওয়াড়িতে বসে পুষ্টিকর খাবার খায়, তারা অসুস্থ হলে তার দায়িত্ব কে নেবে?”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সুজাতা সরকার অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, প্রতিদিনই চাল ভালো করে ধুয়ে এবং কুলোয় ঝাড়াই-বাছাই করার পর রান্না করা হয়। শিক্ষিকার বক্তব্য, “চালের বস্তাতেই শুরু থেকে পোকা ছিল। রান্নার পর কীভাবে খাবারে পোকা এল, সেটাই অবাক করার বিষয়।” তিনি জানান, ওই কেন্দ্রে মোট ৩৯ জনের জন্য প্রতিদিন রান্না হয়। এর মধ্যে ১৮ জন শিশু, বাকিরা প্রসূতি ও অন্যান্য উপভোক্তা।

অন্ডাল ব্লকের শিশু ও নারী কল্যাণ দফতরের আধিকারিক প্রীতম সাঁতারা জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে ডেকে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তিনি বলেন, যদি কারও গাফিলতি থাকে, তা হলে তাকে সতর্ক করা জরুরি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সব অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।
এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এটাই রাজ্য সরকারের উন্নয়নের ছবি। বাজেটে শিল্প, বেকারত্বের কথা নেই। আর শিশুদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *